কাউখালীতে জন্মগত হৃদরোগে আক্রান্ত ১১ মাসের শিশু আব্দুল্লাহ, অপারেশনে প্রয়োজন ৬ লাখ টাকা

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের১নং ওয়ার্ড পোয়াপাড়া এলাকার ১১ মাস বয়সী শিশু আব্দুল্লাহ হাসান জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুটির দ্রুত হৃদযন্ত্রের অপারেশন প্রয়োজন। এ জন্য প্রায় ৬ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শিশুটির বাবা ওমর ফারুক পেশায় একজন সাধারণ রিকশা চালাক। সীমিত আয়ের কারণে সন্তানের চিকিৎসার এত বড় ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। বর্তমানে তিনি শিশুটিকে নিয়ে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে অবস্থান করছেন এবং চিকিৎসার খরচ জোগাতে বিভিন্নভাবে সহযোগিতা চাচ্ছেন।
শিশুটির বাবা ওমর ফারুক বলেন, “আমার ছেলের বয়স মাত্র ১১ মাস। জন্মের পর থেকেই সে নানা শারীরিক সমস্যায় ভুগছে। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার জন্মগত হৃদরোগ রয়েছে এবং অপারেশন করাতে হবে। অপারেশনের জন্য প্রায় ৬ লাখ টাকা প্রয়োজন। আমার একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে আমার সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা চাই।”
পরিবারের সদস্যরা জানান, শিশুটির চিকিৎসা দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সময়মতো প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না হলে চিকিৎসা আরও জটিল হয়ে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এলাকাবাসী বলেন, আব্দুল্লাহ হাসান খুবই অসহায় একটি পরিবারের সন্তান। তার বাবা সীমিত সামর্থ্যের একজন মানুষ। শিশুটির চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় পরিবারের পক্ষে একা এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। মানবিক দিক বিবেচনা করে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনকে শিশুটির চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, জন্মগত হৃদরোগের ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আব্দুল্লাহ হাসানের ক্ষেত্রেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত সম্পন্ন করা জরুরি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিশুটির চিকিৎসায় সহায়তার জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের সামর্থ্যবান মানুষ ও মানবিক সংগঠনগুলোর প্রতি আন্তরিক আবেদন জানানো হয়েছে। সামান্য সহযোগিতাও ১১ মাসের শিশু আব্দুল্লাহ হাসানের চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে।


