কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

মেহেদী হাসান-জেলা প্রতিনিধি রাঙামাটি
কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটির কাপ্তাইয়ে বেড়াতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে মো. শাজিদ শাহরিয়ার (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সীতারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নিহত শাজিদ নরসিংদীর মো. নাছির উদ্দীনের ছেলে। তাঁর বাবা পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও নরসিংদী থেকে ১২ জনের একটি দল কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে যায়। দুপুরে ঘোরাঘুরি শেষে তাঁরা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। একপর্যায়ে শাজিদের পা পিছলে গেলে তিনি নদীতে পড়ে পানিতে তলিয়ে যান।
নিহত শাজিদের এক বন্ধু জানান, পা পিছলে নদীতে পড়ে যাওয়ার পর শাজিদ ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছিলেন। তবে তাঁদের কেউ সাঁতার না জানায় তাঁকে উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়।
তিনি বলেন, রাঙামাটি থেকে একটি ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। এ ছাড়া কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দল এবং কাপ্তাই থানা-পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করে।
প্রায় তিন ঘণ্টার অভিযান শেষে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদীর ভেতর থেকে শাজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, বিকেল পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, হাসপাতালে আনার আগেই শাজিদের মৃত্যু হয়েছে।


