শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা

আইন ও আদালত

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে কাঠ ব্যবসায়ীকে জবাই করে হত্যা: মংক্যচিং মারমা নামে একজন আটক

নুর মুহাম্মদ:
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের একটি বৌদ্ধ মন্দিরের পাশে জাফর আলম বাবুল (৫০) নামের এক কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ সেপ্টেম্বর, শুক্রবার সকালে। পুলিশ ছাদুঅং পাড়ার ধুংছাই মারমার বৌদ্ধ মন্দির এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত জাফর আলম বাবুল বাইশারী এলাকার ওসমান গনির ছেলে এবং পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর রাতে দেনাপাওনা সংক্রান্ত একটি বিষয় নিয়ে ওই মন্দির এলাকায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই তাকে হত্যা করা হতে পারে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাফর আলম বাবুলের মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠান।

ঘটনাস্থল থেকে মংক্যচিং মারমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাইশারীতে বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা ভিড় করলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।