রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

Uncategorized

ঈদগাঁও ইসলামাবাদ রেলস্টেশনে ট্রেন থামাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে:  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সেলিম উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, উপজেলার জনগুরুত্বপূর্ণ অত্র স্টেশনে জনগণের সুবিধার্থে সকল লোকাল ট্রেনের যাত্রা বিরতি ও অত্যাধুনিক এ স্থাপনা ও যাত্রীদের নিরাপত্তায় দ্রুত পদক্ষেপ নেয়া হবে।শনিবার দুপুর ১২টার দিকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি উক্ত কথা গুলো বলেন।

এর আগে তিনি গ্যাংকারযোগে কক্সবাজার ও রামু স্টেশন পরিদর্শন শেষে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব),সিআরবি, চট্টগ্রাম মোঃ সুবক্তগীনকে সাথে নিয়ে ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিনু মার্মা, থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাশ, সহকারী স্টেশন কর্মকর্তাদ্বয় মোঃ: আব্দুল কাইয়ুম ও মোঃ: আতিকুর রহমান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় জনগণ।

উক্ত স্টেশনে লোকাল সকল ট্রেন ও ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশনের নিরাপত্তার বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, লোকাল সকল ট্রেনের যাত্রা বিরতি, স্টেশন ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। তবে ঢাকা- কক্সবাজারগামী ট্রেনের যাত্রা বিরতির বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল প্রয়োজনীয় বিষয়ে লিখিতভাবে অবগত করেছেন এবং এনিয়ে তিনি খুবই আন্তরিক ।সেই আলোকে তিনি আজ সরেজমিনে পরিদর্শন এসেছেন এবং আরো সমস্যা থাকলে তাও যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন।

প্রতিমন্ত্রীর প্রস্থানের পর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল স্টেশনের অভ্যন্তরীণ নানা সমস্যা নিয়ে স্টেশন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তারা অসুস্থ রোগীদের জন্য হুইল চেয়ারের প্রয়োজনীয়তা তুলে ধরলে তিনি উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সমাজ সেবা থেকে তড়িৎ চারটি চেয়ার বরাদ্দের নির্দেশনা দেন। এছাড়া তিনি স্টেশন কর্মকর্তাদের জনবলের অভাবসহ অভ্যন্তরীণ অন্য সকল সমস্যা উল্লেখ করে একটি নোট দিতে বলেন।