রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

চট্টগ্রাম

চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সমাবেশে মুহাম্মদ শাহজাহান

“ফ্যাসিবাদী দুঃশাসনের পথ বন্ধ করতে সংস্কার ও গণভোট বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ”

চট্টগ্রাম, ২৯ জুলাই: চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় নগরীর শাহ আমানত সেতু সড়ক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, গণভোটের রায় কার্যকর এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা আবরার হোসাইন রিয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই বিপ্লব কেবল ক্ষমতার বা প্রধানমন্ত্রীর পরিবর্তনের জন্য সংঘটিত হয়নি, এটি ছিল রাষ্ট্রের মৌলিক কাঠামোগত পরিবর্তনের আন্দোলন। তিনি বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড কখনোই সমর্থন করা হবে না। সরকার জনগণের কল্যাণে কাজ করলে জামায়াত সহযোগিতা করবে, আর জনগণের অধিকারবিরোধী বা ফ্যাসিবাদী ধারায় দেশ পরিচালনার চেষ্টা করলে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমীরে জামায়াত ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র হবে। ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রীয় সংস্কার, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিকল্প নেই এবং গণভোটের রায় বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ।

মুহাম্মদ শাহজাহান অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার প্রবণতা উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড দেশের শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের সূতিকাগার বীর চট্টলা থেকেই জনগণ জানিয়ে দিতে চায়, ফ্যাসিবাদী ধারা নয়, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। সংবিধান সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই দেশের স্থিতিশীলতার একমাত্র পথ।
তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনের কারণে অনেক রাজনৈতিক নেতা নির্যাতন, গুম ও নির্বাসনের শিকার হয়েছেন। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশে আর কোনো ধরনের দমন-পীড়ন বা স্বৈরতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। জনগণ ফ্যাসিবাদের বাংলাদেশ নয়, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে চায়।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠায় কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা ছাড়াই সন্ত্রাসী, দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন স্থানে যারা সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে জনগণকে নিরাপদ পরিবেশ উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আদালতের রায়ের মাধ্যমে গণভোটের সাংবিধানিক ভিত্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের স্পষ্ট মতামতকে সম্মান জানিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি যশোরে জামায়াতের একজন সংসদ সদস্যের বাড়িতে এবং হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি জনগণ কখনো মেনে নেবে না।

নজরুল ইসলাম আরও বলেন, দাড়ি-টুপি পরিহিত ব্যক্তিদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চলছে, যা সামাজিক সম্প্রীতির জন্য অশনি সংকেত। তিনি এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করে জনগণের রায়কে সম্মান জানানো এবং জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ জাহের, চকবাজার থানার সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী প্রমুখ।