রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

আইন ও আদালত

তবলছড়ি বিএডিসি কলোনীতে মাদকবিরোধী স্মারকলিপি, পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির তবলছড়ি বিএডিসি কলোনীতে মাদক ব্যবসা বন্ধ, মাদকের আস্তানা উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক নাজমা আশরাফির কাছে এবং দুপুর ২টায় পুলিশ সুপার আব্দুর রকিব, পিপিএম-এর কাছে পৃথকভাবে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে এলাকাবাসী অভিযোগ করেন, তবলছড়ি বিএডিসি কলোনী এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবাধ বেচাকেনা চলছে। এতে স্থানীয় পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে এবং শিক্ষার্থীরাও প্রলোভনের শিকার হচ্ছে বলে অভিযোগ করা হয়। এছাড়া এলাকায় বহিরাগত মাদকসেবীদের আনাগোনাও বেড়েছে বলে দাবি করেন তারা।

স্মারকলিপিতে দিপু (৩৫), সীমা আক্তার, প্রসেনজিত দাশ (২৫), মো. তন্ময় ও মো. আরিফের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদ করলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে থাকেন। এ বিষয়ে এর আগেও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

স্মারকলিপিতে মাদকের আস্তানা উচ্ছেদ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তবলছড়ি বিএডিসি কলোনীকে মাদকমুক্ত ঘোষণা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

তবে স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলো তদন্তসাপেক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ভিত্তিতেই এর সত্যতা নির্ধারিত হবে।