রাঙ্গামাটিতে ‘বাংলা কিউআর’ লেনদেন চালু করল পূবালী ব্যাংক

মেহেদী হাসান, রাঙ্গামাটি প্রতিনিধি:
পাহাড়ি অঞ্চলে ডিজিটাল লেনদেনের নতুন অধ্যায়ের সূচনা করতে রাঙ্গামাটিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো পূবালী ব্যাংক পিএলসির ‘ক্যাশলেস রিজার্ভ বাজার’ ও ‘বাংলা কিউআর’ সেবা।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় রাঙ্গামাটির রিজার্ভ বাজারের মাতব্বর প্লাজায় পূবালী ব্যাংক পিএলসি, রাঙ্গামাটি শাখার উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।
‘এক দেশ, এক QR’ মূলমন্ত্রকে সামনে রেখে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগের ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা এখন থেকে নগদ অর্থের ঝামেলা ছাড়াই স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করে দ্রুত, সহজ ও নিরাপদে লেনদেন করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম সেন্টার জোনের উপমহাব্যবস্থাপক মো. শাহেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক কৌশিক সেন, বনরূপা উপশাখার ব্যবস্থাপক মো. সাইফুর রহমান, নিউ রাঙ্গামাটি ব্যবসায়ী বাজার কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল কান্তি ধর।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিজার্ভ বাজারে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর’ বুথের উদ্বোধন করেন।
প্রধান অতিথি মো. শাহেদ আলী বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে পূবালী ব্যাংক ‘বাংলা কিউআর’ সেবা চালু করেছে। এ সেবার মাধ্যমে গ্রাহকরা স্বল্প খরচে নিরাপদ ও সহজ উপায়ে আর্থিক লেনদেন করতে পারবেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও কম খরচে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন পরিচালনার সুযোগ পাবেন, যা তাদের ব্যবসা পরিচালনাকে আরও সহজ ও কার্যকর করবে।
তিনি আরও বলেন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণে সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর এ সেবা ব্যবহারের মাধ্যমে দেশের আর্থিক খাত আরও আধুনিক ও গতিশীল হবে। পাশাপাশি পূবালী ব্যাংকও ডিজিটাল ব্যাংকিং সেবায় আরও এগিয়ে যাবে।


