রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

আইন ও আদালত

অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মাদ হোসেন গ্রেফতার

নুর মুহাম্মদ, কক্সবাজার;
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মাদ হোসেন (৪৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই ২০২৬ বিকেলে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বোদির জেটিঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মাদ হোসেনের বিরুদ্ধে ২০০৬ সালে টেকনাফ মডেল থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) র‍্যাব-১৫, কক্সবাজারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।