রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মেহেদী হাসান-রাঙামাটি
জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটির বায়তুশ শরফ আদর্শ জব্বারিয়া আলিম মাদ্রাসায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা সামশুল আরিফিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোহাম্মদ সোলায়মান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুর কাশেম এবং বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা সাইদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের বক্তব্যে উঠে আসে, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতার যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা পরবর্তীতে গণআন্দোলনে রূপ নেয় এবং এর ধারাবাহিকতায় তৎকালীন সরকারের পতন ঘটে।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের উচিত জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করা।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


