রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

আইন ও আদালত

পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
পিবিআই থেকে বাংলাদেশ পুলিশে যোগদানের পর প্রথম দায়িত্বেই বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকার আলোচিত দস্যুতা (ছিনতাই) মামলার রহস্য উদঘাটন করে চট্টগ্রাম রেঞ্জের জুলাই-২০২৬ মাসের “Certificate of Appreciation” অর্জন করেছেন লামা থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যজিৎ বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে ২০২৬ সন্ধ্যায় সিএনজিচালক নুরু আলমকে যাত্রীবেশে চারজন ব্যক্তি লামা বাজার থেকে ফাইতং যাওয়ার জন্য ভাড়া করেন। ফাইতং ইউনিয়নের বদরটিলা এলাকায় পৌঁছালে তারা চালককে সিএনজি থেকে নামিয়ে মারধর ও ছুরিকাঘাত করে সিএনজি, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত নুরু আলমকে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তিনি লামা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার পান এসআই সত্যজিৎ বড়ুয়া। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত ও অবস্থান নিশ্চিত করে তাঁর নেতৃত্বে এএসআই প্রকাশ ঘোষসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে গত ৬ জুলাই বরগুনা সদর এলাকা থেকে আলাউদ্দিন (২৬)কে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরদিন ৭ জুলাই চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে মামলার মূল হোতা মো. শওকত প্রকাশ শহীদ (৩৩)কে গ্রেপ্তার করা হয়। পরে ৮ জুলাই কক্সবাজারের টেকনাফ থেকে রমজান আলী (৩০)কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের নাইট্যং পাড়া এলাকা থেকে লুণ্ঠিত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

৯ জুলাই গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ও রমজান আলীকে আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও আসামিদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এ চাঞ্চল্যকর মামলার সফল তদন্ত, আসামি গ্রেপ্তার এবং লুণ্ঠিত সিএনজি উদ্ধারের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) মো. মনির-উজ-জামান ২৭ জুলাই ২০২৬ তারিখে এসআই সত্যজিৎ বড়ুয়ার হাতে Certificate of Appreciation তুলে দেন।

পুলিশ জানিয়েছে, মামলার অবশিষ্ট পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান আছে।