প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
প্রাকৃতিক দুর্যোগে টানা কয়েকদিন স্থগিত থাকার পর পুনরায় শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার (২৭ জুলাই) সকাল থেকে বান্দরবানের লামা উপজেলার সরকারি মাতামুহুরী কলেজ পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একাধিক দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সরেজমিনে সরকারি মাতামুহুরী কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন। কেন্দ্রের বাইরে অভিভাবকরাও সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্র কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
কয়েকজন পরীক্ষার্থী জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং কোথাও কোথাও পাহাড় ধস ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে আসা সম্ভব ছিল না। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় তারা পরীক্ষা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন।
অভিভাবকরাও বলেন, দুর্যোগের সময় সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় তারা সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন। তারা আশা করছেন, বাকি পরীক্ষাগুলোও নির্বিঘ্নে সম্পন্ন হবে।
এদিকে, সরকারি মাতামুহুরী কলেজ পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


