রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

আইন ও আদালত

ফুলপুর মিনি পার্কের উন্নয়নকাজে গাফিলতি, ব্যাখ্যা দিলেন ইউএনও মোহাম্মদ ইউসুফ

সেলিম রানা, ফুলপুর ( ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ফুলপুর মিনি পার্কের উন্নয়নকাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন স্ট্যাটাস ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

 

ইউএনও জানান, গত ৬ জুলাই সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলার অন্যান্য কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে পার্কটি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে পার্কের বেঞ্চ নিচু করা, ভাঙা টাইলস মেরামতসহ প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা প্রকৌশলীর অনুরোধে একটি চলতি বিলও পরিশোধ করা হয়।

 

তিনি বলেন, উপজেলায় যোগদানের প্রায় দুই মাস অতিবাহিত হলেও পার্কে দৃশ্যমান কোনো উন্নয়নকাজ হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা নজরে আসার পর উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, উপজেলা পরিষদের প্রতিটি উন্নয়নকাজ সমান গুরুত্বের সঙ্গে তদারকি করা হচ্ছে। তবে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিটি প্রকল্প বাস্তবায়নের জন্য পৃথক কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত। তাই একজন ইউএনও এককভাবে সব কাজ বাস্তবায়ন করেন না।

 

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ঠিকাদার এখন পর্যন্ত সম্পন্ন কোনো কাজ দেখাতে পারেননি। এরপরও উপজেলা প্রকৌশলীর অনুরোধে চলতি বিল পরিশোধ করা হয়েছিল। বিল পরিশোধ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পরও কাজ শুরু না হওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

 

ইউএনও মোহাম্মদ ইউসুফ জানান, আগামী ১৯ তারিখের মধ্যে ঠিকাদার উন্নয়নকাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে টেন্ডার বাতিল করে পুনঃটেন্ডারের উদ্যোগ নেওয়া হতে পারে।