রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ হত্যা-অপহরণ মামলার ১৭ আসামি আটক

নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একাধিক হত্যা ও অপহরণ মামলার আসামিসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত জেলা পুলিশ, এপিবিএন, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আনসার, সিআইসি অফিস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে প্রায় ২৩০ জন সদস্য অংশ নেন।
অভিযান চলাকালে ডাকাত সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ ও ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়ার অভিযোগে আরও ১৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে কারাদণ্ড এবং নয়জনকে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার নির্দেশ দেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


