চকরিয়ায় দারুল ইরফান মডেল হিফজ মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন, ১০ শিক্ষার্থীকে সবক প্রদান

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পানিস্যাবিল এলাকায় অবস্থিত দারুল ইরফান মডেল হিফজ মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এইচ. এম. নুরুল আবছার। তিনি সবকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পবিত্র কোরআনের শিক্ষা অর্জনের পাশাপাশি এর আদর্শ ও মূল্যবোধ নিজেদের জীবনেও বাস্তবায়ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সাবের আহমদ, আমিনুল হক মুক্তা এবং হাফেজ কলিম উল্লাহ। তারা শিক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে সবকপ্রাপ্ত ১০ শিক্ষার্থীর হাতে সম্মাননা প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


