ঈদগাঁওয়ে থানা পুলিশের মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের বৃহত্তর ৭ নং ওয়ার্ডকে মাদকমুক্ত গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) উপজেলার ৭ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলী বিন আবী তালিব (রা.) মাদরাসা প্রাঙ্গণে সমাজসেবক হামিদুল হক হামিদের সভাপতিত্বে মাদকবিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
সভায় বক্তারা বলেন, ৭ নম্বর ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা মাদক চোরাচালান, বিক্রি ও সেবন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি ওসি এটিএম শিফাতুল মাজদার মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মাদক নির্মূলে জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভাপতি হামিদুল হক হামিদ মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ওয়ার্ড মেম্বার নূরুল কবির গমভাই, কফিল মাহমুদ, নূর মোহাম্মদ বাবুল, মহি উদ্দিন মহিম, মো. আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. নুরুল হকসহ গণমাধ্যমকর্মী, এলাকাবাসী এবং ওয়ার্ড মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


