সুন্দরবনে জেলেদের জালে ধরা পড়ল ১৫৫ কেজির বিশাল কোরাল মাছ, চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারে বিক্রির প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনে জেলেদের জালে ধরা পড়েছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। মাছটি বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চট্টগ্রামের কাজীর দেউড়ি কাঁচাবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন।
জানা যায়, পরশুদিন সুন্দরবন উপকূলে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে বিরল আকৃতির এই কোরাল মাছটি। পরে এটি চট্টগ্রামে আনা হয়।
মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, আগামী শনিবার সকাল ৮টায় মাছটি কাটা হবে। প্রতি কেজি ১,৫০০ টাকা দরে মাছটি বিক্রি করা হবে। সে হিসেবে পুরো মাছটির আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
এদিকে বিশাল আকৃতির কোরাল মাছটি দেখতে শুক্রবার ভোর থেকেই কাজীর দেউড়ি কাঁচাবাজারে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করেছে। বাজারের ব্যবসায়ীদের মতে, এত বড় কোরাল মাছ সচরাচর দেখা যায় না, তাই মাছটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।


