রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

চট্টগ্রাম

চট্টগ্রামে ৯ আগস্ট শুরু প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রীড়া প্রতিবেদক | ২৩ জুলাই

আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা)-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয় তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. জহিরুল হক স্বপন, মাউশির পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর আগ্রহে ঢাকার বাইরে চট্টগ্রামে এবারের উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।

এছাড়া বিশ্বকাপ ফুটবলের আদলে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের আট বিভাগের কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে সরাসরি সংযুক্তির জন্য স্টেডিয়ামে আটটি বড় ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে।

সভায় আরও জানানো হয়, স্কুল ও কলেজ পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৯টি শিক্ষা বোর্ডের চ্যাম্পিয়ন দল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে অংশ নেবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে স্কুলবিমুখ শিশু-কিশোরদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।