রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

স্বাস্থ্য

লিভার ক্যান্সারের সঙ্গে জীবন-মৃত্যুর লড়াই, বাঁচতে সবার সহায়তা চান নুর ইসলাম।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রাঙামাটি শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদি এলাকার বাসিন্দা নুর ইসলাম। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও চরম আর্থিক সংকটের কারণে চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না তিনি। ফলে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, নুর ইসলামের চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু সীমিত আয়ের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনসহ সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।

এদিকে মানবিক দায়িত্ববোধ থেকে নুর ইসলামের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদের উদ্যোগে রাঙামাটি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নুর ইসলামের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় ওমর মোর্শেদ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নুর ইসলামের চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

নুর ইসলামের পরিবার এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা নুর ইসলামের জীবন রক্ষায় আরও সহযোগিতার জন্য দেশবাসীর প্রতি আবেদন জানিয়েছেন।