রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

খেলাধুলা

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন চসিক

চট্টগ্রাম: চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একাদশ।

রোববার (২৮ জুন) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা এফএমসি স্পোর্টসকে ৫৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রোববার দুপুরে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এফএমসি স্পোর্টস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সক্ষম হয়।

এতে ৫৫ রানের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে সিটি করপোরেশন একাদশ।
খেলা শেষে বিকেলে টুর্নামেন্টের আয়োজন সিজেকেএস কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য বিপ্লব দে পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সিরাজ উদ্দিন মো. আলমগীর, সিজেকেএস অ্যাডহক কমিটি ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদ আহমেদ, টুর্নামেন্ট উপকমিটির আহ্বায়ক আবদুল হান্নান আকবর ও সদস্য সচিব আবু সামা বিপ্লবসহ সিজেকেএসের কাউন্সিলর, ক্রীড়া সংগঠক এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী গেজেটভুক্ত জুলাই যোদ্ধারা।

টুর্নামেন্টে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের আসাদুর রহমান। টুর্নামেন্টসেরা খেলোয়াড় হন এফএমসি স্পোর্টসের কাজী কামরুল ইসলাম। সেরা ব্যাটসম্যানের পুরস্কার পান এফএমসি স্পোর্টসের নাজমুল এবং সেরা বোলার নির্বাচিত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের মো. খোরশেদ আলম। এছাড়া সুশৃঙ্খল দলের স্বীকৃতি অর্জন করে চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা।