রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

খেলাধুলা

চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন,শহীদ লেইন ক্লাবের দাপুটে জয়

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “দেশ রক্ষা তারেক মঞ্চ” আয়োজিত “শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল-২০২৬”

শুক্রবার (৫ জুন) বিকেলে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় ফুটবলার মো. আমিনুল হক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান।

জাতীয় ও টুর্নামেন্টের পতাকা উত্তোলনের পর অতিথিরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ২৩টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে শহীদ লেইন ক্লাব ৩-০ গোলে ডালিয়া নাজনীন স্মৃতি সংসদকে পরাজিত করে শুভ সূচনা করে।

জয়ী দলের বিদেশি খেলোয়াড় রিকটু দিদিয়ান দ্রগবা দুটি গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন। দলের হয়ে অপর গোলটি করেন রহিম।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব ও সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, কেন্দ্রীয় ক্রীড়া দলের সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মো. জাহেদ পারভেজ, হেলাল হোসেন হেলাল, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহজালাল পলাশ, ইকরাম আফছার, হায়দার হোসেন প্রিন্স এবং মো. আব্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খেলা পরিচালনা করেন ফিফা রেফারি জি এম চৌধুরী নয়ন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রতন ও এরশাদ উল্লাহ। ধারাভাষ্য প্রদান করেন ছোটন বিশ্বাস ও মোহাম্মদ রফিক। এ সময় টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।