ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি, সমন্বয় কমিটি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সানাউল মোর্শেদ।
সভায় উপস্থিত ছিলেন থানার ওসির প্রতিনিধি এসআই মোঃ শাহিনুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ ও আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার (অতিরিক্ত গোমস্তাপুর) মোঃ আছাহাবুর আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, বিজিবি চাঁনশিকারী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ জাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহ্ জালাল, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, ফরেস্টার মোঃ সিরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ভোলাহাট প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ সানাউল মোর্শেদ বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিজিবি ও পুলিশকে মাদকের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি রাখতে হবে এবং সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড রোধে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হবে। পাশাপাশি এনজিও প্রতিনিধিদের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


