‘কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

দীর্ঘ নীরবতার পর এবার একটি বাংলাদেশি গণমাধ্যমে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে নিজের কষ্ট, ক্ষোভ, রাজনীতি, ক্রিকেটে ফেরা এবং মামলার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
“বলেছে ১ কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে”—একটি বাক্যেই যেন বর্তমান সময়ের সবচেয়ে কঠিন বাস্তবতা তুলে ধরলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি জানান, মামলার বাদীপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট একজনের মাধ্যমে এমন প্রস্তাব এসেছে তার কাছে। তবে টাকা দিয়ে ‘সমাধান’ করার কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
সাকিব বলেন, “টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক।”
জাতীয় দলের জার্সি মিস করেন কি না—এমন প্রশ্নে সাকিবের উত্তরেও ছিল চাপা বেদনা। তিনি বলেন, “জাতীয় দল তো জাতীয় দলই, এটার কোনো বিকল্প হয় না।”
যদিও সব কিছুর পরও ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন না তিনি। সুযোগ পেলে আবারও বাংলাদেশের হয়ে খেলতে চান, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। এমনকি ২০২৭ বিশ্বকাপ নিয়েও আশাবাদী এই অলরাউন্ডার।
রাজনীতিতে আসা নিয়ে অনুশোচনা আছে কি না—এ প্রশ্নেও সোজাসাপ্টা জবাব দিয়েছেন সাবেক এই অধিনায়ক। তাঁর দাবি, “আজকে যেটা ঠিক মনে হয় না; ১ বছর, ৫ বছর, ১০ বছর পরে মনে হয় সেটাই ঠিক ছিল।”


