রবিবার, ২ আগস্ট ২০২৬, ঢাকা

Uncategorized

জুন থেকে ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

বাংলাদেশের সঙ্গে জাপানের বিমান যোগাযোগ আরও জোরদার করতে আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পূর্বে চালু থাকা নারিতা-ঢাকা রুটটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও এটি একটি লাভজনক রুট হিসেবে বিবেচিত ছিল।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, বন্ধের পেছনের কারণগুলো আর বিদ্যমান নেই। এ প্রেক্ষাপটে সরকার পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে।

প্রাথমিকভাবে জুন মাস থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে এবং চাহিদা ও লাভজনকতার ভিত্তিতে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়েও চিন্তা করা হচ্ছে।